সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

১৮ মন্ত্রীর এসকর্ট প্রত্যাহার: প্রটোকল কমানোর নেপথ্যে কী?

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৬ জুলাই ২০২৬ | ১১:০৬ অপরাহ্ন


যানজট কমানো, জ্বালানি সাশ্রয় এবং প্রটোকলের বহর ছোট করার লক্ষ্যে রাজধানীতে ১৮ জন মন্ত্রীর পুলিশের বিশেষ এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে সরকার।

প্রধানমন্ত্রীর অভিপ্রায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এই সিদ্ধান্ত নিয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ডিএমপি সূত্র নিশ্চিত করেছে।

এখন থেকে রাজধানীতে চলাচলের সময় কেবল ছয়জন মন্ত্রী ও একজন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা পুলিশের এই প্রটোকল বা এসকর্ট সুবিধা পাবেন।

তবে ঢাকার বাইরে সফরে গেলে প্রয়োজন অনুযায়ী সব মন্ত্রীর জন্যই পুলিশি প্রহরার ব্যবস্থা থাকবে বলে জানা গেছে।

এসকর্ট সুবিধা বহাল থাকা ওই সাতজন হলেন—স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এছাড়া সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং মন্ত্রী পদমর্যাদার পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এই সুবিধা পাচ্ছেন।

কোন মানদণ্ডের ভিত্তিতে এই সাতজনকে এসকর্ট সুবিধার আওতায় রাখা হয়েছে, সে বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে একাধিক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, মূলত প্রয়োজনের ভিত্তিতেই তাঁদের এই সুবিধা বহাল রাখা হয়েছে।

ডিএমপির প্রটেকশন বিভাগ সূত্র জানায়, এসকর্টের প্রতিটি গাড়িতে পাঁচ সদস্যের একটি পুলিশ দল থাকে, যা মন্ত্রীর সূচি অনুযায়ী তাঁর গাড়ির সামনে অবস্থান করে।

১৮ জনের এসকর্ট সুবিধা প্রত্যাহারের ফলে মন্ত্রীদের নিরাপত্তায় নিয়োজিত প্রায় ৯০ জন পুলিশ সদস্যকে সরিয়ে পুলিশের অন্য কাজে লাগানো হচ্ছে।

আগে এই কাজে প্রায় ১২০ জন পুলিশ সদস্য যুক্ত থাকলেও এখন থাকছেন মাত্র ৩০ থেকে ৩৫ জন।

একই সঙ্গে এসকর্টের গাড়ির ব্যবহার ২৫টি থেকে কমে সাতটিতে নেমেছে।

জানা গেছে, প্রধানমন্ত্রীর নিজের প্রটোকল কমানোর সিদ্ধান্তও এই ক্ষেত্রে প্রভাব ফেলেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রীর বহরে আগে পুলিশের দুটি প্রটোকল গাড়ি থাকলেও এখন তিনি তা নিচ্ছেন না।

তাঁর মূল নিরাপত্তায় এখন কেবল বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) থাকছে এবং পুলিশের পক্ষ থেকে মোটর শোভাযাত্রার পাইলট হিসেবে চারজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

ডিএমপির প্রটেকশন বিভাগের উপকমিশনার মো. শাহরিয়ার আলম জানান, মন্ত্রীদের এসকর্ট কমানোর ফলে জ্বালানি ব্যয় কমার পাশাপাশি গাড়ি ও জনবলের ওপর চাপও কিছুটা কমবে।

বিশেষ করে রাজধানীতে নিয়মিত পুলিশি কাজে এই গাড়ি ও সদস্যদের ব্যবহার করা যাবে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে অন্য একটি প্রসঙ্গে আইনমন্ত্রী জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতির বিষয়ে সরকার সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে।