সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মানিকছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর মানবিক সহায়তা

খাগড়াছড়ি প্রতিনিধি | প্রকাশিতঃ ২৮ জুলাই ২০২৬ | ৩:২৯ অপরাহ্ন


খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দুর্গম জনপদে শিক্ষা, স্বাস্থ্য ও সুপেয় পানির সংকট নিরসনে মানবিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন এই কার্যক্রম পরিচালনা করে।

উপজেলার বাটনাতলী ইউনিয়নের আচালংপাড়ায় প্রতিষ্ঠিত আচালংপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষার্থীদের শিক্ষাউপকরণ দেওয়া হয়। পাশাপাশি আচালংপাড়ার দুই শতাধিক হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে।

অন্যদিকে বাটনাতলীর দুর্গম নোয়াপাড়ায় বসবাসরত ত্রিপুরা জনগোষ্ঠীর নিরাপদ পানির সংকট ছিল। এই সমস্যা সমাধানে সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে সৌরবিদ্যুৎ প্যানেলের মাধ্যমে একটি পানির পয়েন্ট স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব মানবিক কার্যক্রমের উদ্বোধন করেন সিন্দুকছড়ি জোনের এএমসি ক্যাপ্টেন এম এম আকিফ ইউসুফ নজীব।

এ সময় আচালংপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।