সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

একরাম হত্যাকাণ্ডের বিচার: যেভাবে কাস্টডিতে এলেন সেনা কর্মকর্তা মিফতাহ

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৮ জুলাই ২০২৬ | ১:৩৪ পূর্বাহ্ন


টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় র‍্যাব-৭ এর তৎকালীন অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার দিবাগত রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল সামি উদ দৌলা চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

আইএসপিআর পরিচালক জানান, মিফতাহ উদ্দিন আহমেদকে কাস্টডিতে নেওয়া হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

গত ২৬ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একরামুল হক হত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।

তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের নাম রয়েছে।

শুনানি শেষে ট্রাইব্যুনাল আটজন অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এছাড়া গ্রেপ্তার থাকা আসামিদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ট্রাইব্যুনালের জারি করা ওই পরোয়ানার ভিত্তিতেই মিফতাহ উদ্দিনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী নির্ধারিত তারিখে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।

মামলার তদন্ত সংশ্লিষ্ট তথ্যে উল্লেখ করা হয়েছে, একরামুল হককে গুলি করে হত্যার সময় ঘটনাস্থলে মিফতাহ উদ্দিন আহমেদসহ অভিযুক্ত কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সেনা হেফাজতে যাওয়ার আগে মিফতাহ উদ্দিন আহমেদ বরিশাল সেনানিবাসের স্টেশন কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন।

২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ঘোষিত নিষেধাজ্ঞাপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকাতেও তার নাম ছিল। সেই তালিকায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদও ছিলেন।