সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

নাজিরহাট বালিকা বিদ্যালয়ের মানোন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৮ জুলাই ২০২৬ | ৮:৩৯ অপরাহ্ন


চট্টগ্রামের ফটিকছড়িতে নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষামানের উন্নয়ন ও সুশাসন নিশ্চিতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে নবগঠিত অ্যাডহক কমিটির অভিষেক অনুষ্ঠানে এই আহ্বান জানান কমিটির সভাপতি ও ব্যাংকার মুহাম্মদ নুর নেওয়াজ চৌধুরী।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় সচেতন মহলের সহযোগিতা প্রয়োজন। একটি শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

এর আগে গত ২৬ জুলাই চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই অ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।

বোর্ডের প্রবিধান অনুযায়ী, আগামী ছয় মাস বা নিয়মিত পরিচালনা কমিটি গঠন না হওয়া পর্যন্ত এই অ্যাডহক কমিটি বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে।

নবগঠিত এই কমিটিতে ব্যাংকার মুহাম্মদ নুর নেওয়াজ চৌধুরীকে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। পদাধিকারবলে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠান প্রধান অসীম কুমার চৌধুরী বা অসীম কুমার শীল।

এছাড়া জেলা শিক্ষা কর্মকর্তার মনোনীত শিক্ষক প্রতিনিধি হিসেবে জাহানারা বেগম এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে জ্যেষ্ঠ সাংবাদিক এস এম আক্কাছ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন।

মঙ্গলবারের অভিষেক অনুষ্ঠানে নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নাছির উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটু এবং নাজিরহাট পৌর বিএনপির সদস্য সচিব শাহনেওয়াজ শেবুল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে নবগঠিত কমিটির সফলতা কামনা করেন।