
প্রবাসে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার সকালে যশোর থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা পুলিশের একটি দল। তার সঙ্গে আরও পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে, যারা সবাই পেশাদার শুটার।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মো. মুসার ছেলে। তার বিরুদ্ধে অন্তত ১৫টি মামলা রয়েছে।
গত কয়েক বছর ধরে চট্টগ্রামে বেশ কিছু চাঁদাবাজি ও হুমকির ঘটনায় তার নাম নতুন করে আলোচনায় আসে।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ মার্চ বাকলিয়া এলাকার জোড়া খুন এবং একই বছরের ২৩ মে রাতে পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যা মামলাসহ অন্তত সাতটি আলোচিত মামলার আসামি তিনি।
বাকলিয়ার জোড়া খুনের ঘটনায় সন্ত্রাসী ও মোটরসাইকেল ভাড়া করার দায়িত্ব ইমনের ওপর ছিল বলে পুলিশের দাবি। পুলিশ জানিয়েছে, মোবারক হোসেন অন্তত ১৫ থেকে ২০টি আগ্নেয়াস্ত্র বহন করেছেন এবং অস্ত্র ব্যবহারে তিনি অত্যন্ত দক্ষ।
বর্তমানে বিদেশে পলাতক সন্ত্রাসী বড় সাজ্জাদের হয়ে চট্টগ্রামে অপরাধমূলক কর্মকাণ্ডের নেতৃত্ব দিচ্ছেন দুজন। মোবারক হোসেন তাদের মধ্যে অন্যতম।
এর আগে দেশে এই দলের নেতৃত্ব দিতেন সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ। তিনি বর্তমানে কারাগারে আছেন। ফলে মোবারক হোসেন এবং মোহাম্মদ রায়হান মিলে এখন দলটির নেতৃত্ব দিচ্ছেন।
মোহাম্মদ রায়হানের বিরুদ্ধেও চাঁদাবাজি, অস্ত্র ও হত্যাসহ অন্তত আটটি মামলা রয়েছে।
বড় সাজ্জাদের বাহিনীতে অন্তত ৫০ জন শুটার ও সহযোগী সক্রিয় রয়েছেন বলে পুলিশের দাবি। তার হয়ে মোহাম্মদ রায়হান ও মোবারক হোসেন নিয়মিত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করে আসছিলেন।