
প্রাকৃতিক সম্পদ ও ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে দেশে নবায়নযোগ্য শক্তির ব্যবহার আরও সম্প্রসারণ করা সম্ভব বলে জানিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর বা ভিসি অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম।
বুধবার চট্টগ্রামের পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান আলোচক হিসেবে তিনি এই কথা বলেন।
‘সবুজ ভবিষ্যতের জন্য নবায়নযোগ্য শক্তি’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। এতে সহযোগিতা করে নরওয়ে দূতাবাস।
সেমিনারের শুরুতে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম চুয়েটের ভিসি হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে ক্রেস্ট, সম্মাননা স্মারক ও গার্ড অব অনার দেওয়া হয়।
সেমিনারে বক্তারা জানান, বর্তমান বিশ্ব জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং জীবাশ্ম জ্বালানির সীমাবদ্ধতার মতো বড় চ্যালেঞ্জের মুখোমুখি।
তারা বলেন, এসব সংকট মোকাবিলায় নবায়নযোগ্য শক্তির ব্যবহার এখন আর বিলাসিতা নয়, বরং সময়ের অপরিহার্য দাবি।
বাংলাদেশ ইতোমধ্যে সৌরবিদ্যুৎ, বায়ুশক্তি, বায়োগ্যাস এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মতো বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে বক্তারা উল্লেখ করেন।
নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ালে পরিবেশ রক্ষার পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে মত দেন তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন নরওয়ে দূতাবাস ঢাকার প্রতিনিধি, শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর হেনরিক এংমো এবং লিনিয়া ডাল।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন নরওয়ে দূতাবাসের ইকোনমিক অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড অ্যাডভাইজার সাঈদ মুনতাছির বায়েজিদ, চুয়েটের প্রকৌশলী প্রমিত ঘোষ, খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলাম এবং শাহ আমির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দীন।
এছাড়া বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পীযূষ কান্তি পাল, সিনিয়র শিক্ষক আবদুল মোতালেব, প্রাক্তন ছাত্র মিসকাত আহমদ এবং জুলাই যোদ্ধা আবদুল বারেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সরকারের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান, গবেষক এবং তরুণ সমাজ সম্মিলিতভাবে কাজ করলে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে বক্তারা উল্লেখ করেন।
সেমিনার শেষে অতিথিরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।