
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই-চট্টগ্রাম সড়কে কাঠবোঝাই নসিমন ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই অটোরিকশার আরেক যাত্রী।
বুধবার রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটের দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দবাড়ি হরিনগেইট এলাকায় ড্রিম রেস্টুরেন্টের পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হাফেজ মো. নুরুল হক (৬০) উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত বদিউল আলম।
আহত দিলুয়ারা বেগম (৩৯) একই এলাকার বাসিন্দা এবং তিনি নিহতের সম্পর্কে ভাগ্নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাটি মরিয়মনগর থেকে রোয়াজারহাটের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই একটি নসিমনের সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশায় থাকা ওই দুই যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক হাফেজ মো. নুরুল হককে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে দিলুয়ারা বেগমকে বাড়িতে পাঠানো হয়েছে।
রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও কাঠবোঝাই নসিমনটি থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং নসিমনের চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।