
দ্বিতীয় বিয়ের জেরে পারিবারিক কলহের কারণে চট্টগ্রামের মিরসরাইয়ে মো. রাসেল নামের এক পিকআপ চালকের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন তার প্রথম স্ত্রী মনি বেগম। ঘুমন্ত অবস্থায় হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে তার বাঁ পায়ের রগও কেটে দেওয়া হয়।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মো. রাসেল বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় মো. রাসেলের মা মনোয়ারা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় অভিযুক্ত স্ত্রী মনি বেগমকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
আহত মো. রাসেল নোয়াখালী জেলার সুধারাম থানার মুন্সিতালুক গ্রামের মো. ফারুকের ছেলে। তিনি পরিবার নিয়ে মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় গ্রামে নুর উদ্দিনের ঘরে ভাড়া থাকেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় বিয়ে করায় স্বামী মো. রাসেল ও স্ত্রী মনি বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার রাতে তারা একসঙ্গেই ঘুমিয়েছিলেন।
ভোরের দিকে স্বামী ঘুমিয়ে থাকা অবস্থায় তার হাত-পা বেঁধে ফেলেন স্ত্রী মনি বেগম। এরপর ব্লেড দিয়ে পুরুষাঙ্গ এবং দা দিয়ে বাঁ পায়ের গোড়ালির নিচের রগ কেটে তাকে হত্যার চেষ্টা করেন।
এ সময় তার চিৎকারে স্বজনরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফাহিম জামাল জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পুরুষাঙ্গ ও পায়ের রগ কাটা অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। প্রচুর রক্তপাত হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি আব্দুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
তিনি আরও জানান, এ ঘটনায় হামলায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া মনি বেগমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।