সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে বাঁশখালীতে প্রশাসনের প্রস্তুতি

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬ | ৯:১০ অপরাহ্ন


বন্যাকবলিত এলাকা পরিদর্শনে আগামী ৯ আগস্ট চট্টগ্রামের বাঁশখালীতে আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একটি পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে ওইদিন তার চট্টগ্রাম শহরে যাওয়ার কথা রয়েছে। এরপর তিনি হেলিকপ্টারে করে বাঁশখালীর উপকূলীয় এলাকা পরিদর্শনে যেতে পারেন বলে প্রশাসনের একটি সূত্র জানিয়েছে।

প্রধানমন্ত্রীর এই সম্ভাব্য সফরকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে বাঁশখালীর বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শক দলে ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম এবং বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। এছাড়া বিমান বাহিনীর সদস্যরাও তাদের সঙ্গে ছিলেন।

কর্মকর্তারা প্রথমে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে একটি প্রাথমিক বৈঠক করেন।

পরে তারা বাহারছড়া ইউনিয়ন পরিষদ মাঠ এবং সমুদ্র সৈকতসংলগ্ন মাঠসহ হেলিকপ্টার অবতরণের সম্ভাব্য স্থানগুলো ঘুরে দেখেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সম্ভাব্য জনসভা বা মতবিনিময় সভার জন্য উপযুক্ত স্থানও সরেজমিনে যাচাই-বাছাই করেন তারা।

স্থান পরিদর্শনের সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মাস্টার লোকমান আহমদ এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কালিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও সেখানে ছিলেন।

তবে প্রধানমন্ত্রীর এই সফরের বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো সময়সূচি বা কর্মসূচি প্রকাশ করা হয়নি।