
চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের দোকানে ঢুকে পড়ায় দুই নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন এবং ছয়টি গাড়ি দুমড়েমুচড়ে গেছে।
বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরি এলাকার বাসিন্দা পলি দত্ত (৩৫) ও ইফা শীল (৪০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাতে টানেল মোড় এলাকায় তীব্র গতিতে আসা যাত্রীবাহী বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। পরে বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অটোরিকশা ও রিকশাকে চাপা দিয়ে সরাসরি একটি দোকানে ঢুকে পড়ে।
বাসের ধাক্কায় সেখানে থাকা অন্তত ছয়টি সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা দুমড়েমুচড়ে যায়। বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই পলি দত্ত ও ইফা শীলের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে।
দুর্ঘটনার পর ওই এলাকায় ভিড় জমানো সাধারণ মানুষ নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ প্রকাশ করেন।