
চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের দখল ও ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার রাত ২টার দিকে উপজেলার সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সরল গ্রামের বেড়িবাঁধ এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জিল্লুর রহমান। তার বয়স ৩০ বছর।
গুলিবিদ্ধ অবস্থায় জিল্লুর রহমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই ঘটনায় গুলিবিদ্ধ অপর দুজনও গুরুতর আহত অবস্থায় ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম সরল গ্রামে একটি মাছের প্রজেক্টের ভাগাভাগি ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই শুক্রবার গভীর রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ রবিউল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। এছাড়া এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।