সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পানিতে পড়ে থাকা বিদ্যুতের তার কেড়ে নিল কৃষকের প্রাণ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩১ জুলাই ২০২৬ | ৩:২৯ অপরাহ্ন


চট্টগ্রামের ফটিকছড়িতে ধানের জমিতে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মুস্তাকিম নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার লেলাং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাহনগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

৩৫ বছর বয়সী নিহত মুস্তাকিম নেত্রকোনা জেলার বাসিন্দা রিয়াজ উদ্দিনের ছেলে। জীবিকার তাগিদে তিনি ফটিকছড়িতে কৃষি শ্রমিক হিসেবে কাজ করতে এসেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মুস্তাকিমসহ তিন শ্রমিক সন্ন্যাসীরহাট সংলগ্ন চেয়ারম্যান শাহীনের বাড়ির সামনের একটি জমিতে ধানের চারা রোপণ করছিলেন।

এর আগে থেকেই সেখানে বিদ্যুতের একটি তার ছিঁড়ে জমির পানিতে পড়ে থাকলেও শ্রমিকরা তা খেয়াল করেননি।

কাজ করার একপর্যায়ে মুস্তাকিম বিদ্যুৎবাহী পানির সংস্পর্শে এলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তার সঙ্গে থাকা অপর দুই শ্রমিক অল্পের জন্য রক্ষা পান।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ আজম জানান, জমিতে বিদ্যুতের ছেঁড়া তার পড়ে থাকার বিষয়টি বুঝতে না পেরে কাজ শুরু করায় এই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কৃষকের মরদেহ উদ্ধার করে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি রবিউল আলম খান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।

পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।