
চট্টগ্রামের লোহাগাড়ায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘লোহাগাড়া সমিতি চট্টগ্রাম’।
শুক্রবার বিকেলে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়।
সমিতির সহ-সভাপতি ও ত্রাণ কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইউনুচের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক ফৌজুল কবির ফজলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন। প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রিদওয়ানুল করিম।
অনুষ্ঠানে মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। লোহাগাড়া সমিতি চট্টগ্রাম সবসময় মানবিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”
সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর এমন সহযোগিতা দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেন সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রিদওয়ানুল করিম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বন্যার কারণে অনেক পরিবার ঘরবাড়ির ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এসব পরিবারের পুনর্বাসনে সমাজের বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোকে আরও এগিয়ে আসতে হবে।
এ সময় অন্যদের মধ্যে মোহাম্মদ ইসমাইল, প্রফেসর শফিক উদ্দিন, নূর মোহাম্মদ শহীদুল্লাহ, মো. সালাউদ্দিন চৌধুরী (সোহেল), সাহাব উদ্দিন, মো. তৌহিদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ মহিউদ্দীন চৌধুরী, মো. আনোয়ার হোসেন, ছলিম উল্লাহ চৌধুরী ডালিম, মোহাম্মদ নুরুল ইসলাম সিকদার, মোহাম্মদ নুরুল আলম, মাওলানা মুহাম্মদ সোলাইমান কাসেমী, মোহাম্মদ সরওয়ার আলম, অ্যাডভোকেট মো. এরফানুর রহমান, মোহাম্মদ সৈয়দ নূর, মোহাম্মদ নাজিম উদ্দীন এবং মোহাম্মদ শাহাব উদ্দীন উপস্থিত ছিলেন।