
দেশীয় মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে ৯০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন।
রোববার দুপুরে উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের সরকারহাট মাছ বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় নিষিদ্ধ মাছ বিক্রির অপরাধে দুই বিক্রেতাকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী জানান, এই মাগুর মাছগুলো অত্যন্ত আক্রমণাত্মক ও রাক্ষুসে স্বভাবের।
এটি যে জলাশয়ে থাকে, সেখানে অন্য দেশীয় মাছ ও জলজ প্রাণী টিকে থাকতে পারে না বলে তিনি উল্লেখ করেন। ফলে স্থানীয় প্রজাতির মাছের অস্তিত্ব হুমকির মুখে পড়ে এবং জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এবং ১৯৮৫ সালের বিধিমালা অনুযায়ী আফ্রিকান মাগুর মাছের চাষ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।
বিধিমালা ১৮ অনুসারে ওই দুই বিক্রেতাকে জরিমানা করে তা ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের বা ডিসিআরের মাধ্যমে আদায় করা হয়েছে।
অভিযানে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মেহেরুন নেছা এবং কর্মচারী মো. লোকমান হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে রোববার সন্ধ্যায় নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমান।