
চট্টগ্রামের লোহাগাড়ায় নিজের জমিতে চাষাবাদের কাজ শেষে ফেরার পথে দ্রুত গতির মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আব্দুল আলম। ৫৯ বছর বয়সী এই ব্যক্তি একই এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।
লোহাগাড়া থানার উপ-পরিদর্শক বা এসআই সীমান্ত জানান, সকালে নিজের জমিতে চাষাবাদের কাজ শেষ করে রাস্তার ওপর উঠছিলেন আব্দুল আলম।
এ সময় দ্রুতগতিতে আসা একটি মাহিন্দ্রা ট্রাক্টর তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ থানায় নিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে বলে এসআই সীমান্ত নিশ্চিত করেন।