
দুবাই থেকে আসা এক যাত্রীর অন্তর্বাসে কৌশলে লুকিয়ে আনা প্রায় দেড় কেজি সোনা জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইআইডি জানায়, জব্দ সোনার মধ্যে রয়েছে ২৪ ক্যারেটের গোল্ড পেস্ট ও গহনা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।
সিআইআইডি বলছে, গোপন সংবাদের ভিত্তিতে তাদের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় এই অভিযান চালায়। বাংলাদেশ বিমানের বিজি ১৪৮ ফ্লাইটে দুবাই থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামা যাত্রী মোহাম্মদ তুসারকে অবতরণের পর থেকেই গোয়েন্দা নজরদারিতে রাখা হয়।
পরে গোয়েন্দা সংস্থা ও চট্টগ্রাম কাস্টম হাউজের কর্মকর্তাদের সমন্বিত তল্লাশিতে ওই যাত্রীর অন্তর্বাসের ভেতর লুকানো সোনা উদ্ধার হয় বলে জানায় সিআইআইডি।
জব্দ তালিকায় রয়েছে ১ হাজার ৪০০ গ্রাম ২৪ ক্যারেটের সোনার পেস্ট (প্যাকিং উপকরণসহ) এবং পাঁচটি চুড়িসহ প্রায় ১০০ গ্রাম সোনার গহনা- সব মিলিয়ে প্রায় দেড় কেজি সোনা। এছাড়া ওই যাত্রীর পাসপোর্ট, একটি মোবাইল ফোন ও বোর্ডিং পাসও জব্দ করা হয়েছে।