
আগামী ৯ আগস্ট ফটিকছড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফরকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
এই সফর ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম।
বুধবার ফটিকছড়ি উপজেলার পেলাগাজী দিঘির মোড় ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলো ঘুরে দেখেন তিনি।
পরিদর্শনকালে পুলিশ সুপার নির্মাণাধীন হেলিপ্যাড ও নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন।
এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের ঘাটতি না রাখার কঠোর নির্দেশ প্রদান করেন।
এ বিষয়ে পুলিশ সুপার মাসুদ আলম জানান, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ভেন্যু, হেলিপ্যাড ও সফরসংশ্লিষ্ট সড়কগুলোকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তিনি নিশ্চিত করেছেন।
পরিদর্শনকালে পুলিশ সুপারের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ।
এছাড়া ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল আলম খান এবং পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।