
গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন ফটিকছড়ি-২ আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর।
বুধবার চট্টগ্রামের ফটিকছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস এবং আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফর উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।
উপজেলা বিএনপি, ফটিকছড়ি পৌরসভা বিএনপি, নাজিরহাট পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বিবিরহাট বাজারের সানমুন কমিউনিটি সেন্টারে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি পৌর বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরী।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সরওয়ার আলমগীর বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রীর আগমন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আহমেদ হোসেন তালুকদার, বিএনপি নেতা শাহজাদা সৈয়দ ওমর ফারুক, এজাহার মিয়া এবং নাজিম উদ্দিন শাহিন।
এছাড়া বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা বজল আহমদ, আবুল কালাম আজাদ, শাহনেওয়াজ সেবুল, জাহাঙ্গীর আলম চৌধুরী এবং মনসুর আলম চৌধুরী সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
সাবেক চেয়ারম্যান শহীদুল আজম, মহিলা নেত্রী শারমিন আক্তার লাভলী ও শিউলী আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দও সেখানে উপস্থিত ছিলেন।
বক্তারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের অধিকার সংরক্ষণ এবং জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।
পাশাপাশি আগামী ৯ আগস্ট ফটিকছড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে একটি বিজয় মিছিল বের করা হয়।
মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাস স্টেশন রাজঘাট এলাকায় গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।