
চট্টগ্রামের পটিয়ায় গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে ১১ দলীয় ঐক্যের ব্যানারে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে শান্তিরহাট বাজারে পটিয়া কালারপোল সাংগঠনিক থানা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই সনদ দ্রুত কার্যকরের দাবি জানানো হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন পটিয়া কালারপোল সাংগঠনিক থানা জামায়াতের আমির এস এম নাসির উদ্দীন। সঞ্চালনা করেন শাখার সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহীম।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সহকারী বায়তুলমাল সম্পাদক মাওলানা আরেফুর রশিদ।
বক্তব্য দেন কালারপোল সাংগঠনিক থানা শাখার সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন, মাওলানা আবুল কাসেম, হাফেজ নুরুল ইসলাম, মিসবাউর রহমান মানিক, জসিম উদ্দিন, জিয়া উদ্দিন, মো. শাহজাহান, গোলাম আজম ও হেলাল উদ্দিন।
সমাবেশে মাওলানা আরেফুর রশিদ বলেন, “জুলাই সনদ কোনো রাজনৈতিক দলের একক দাবি নয়। এটি গণতন্ত্র, জবাবদিহিতা, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশার প্রতিফলন। জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই সনদের বাস্তবায়নে কোনো টালবাহানা চলবে না। অযথা বিলম্ব না করে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
তিনি আরও বলেন, জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে জুলাই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।