সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

আটকে পড়া বল আনতে গিয়ে ছাত্রের প্রাণহানি

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৭ অগাস্ট ২০২৬ | ৭:১৬ অপরাহ্ন


মাদরাসার টিনের ছাদে আটকে পড়া খেলার বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রামের লোহাগাড়ায় এক ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নেয়াজর টেক এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ১১ বছর বয়সী ওই ছাত্রের নাম ফরহাদ হোসেন আসাদ।

সে নেয়াজর টেক এলাকার তা’লিমুল কুরআন মাদরাসা ও মাসুমা ফাউন্ডেশন এতিমখানার হেফজ বিভাগের ছাত্র ছিল।

আসাদ উপজেলার কলাউজান ইউনিয়নের পূর্ব কলাউজান মিয়াজি পাড়া এলাকার মো. ফারুকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সহপাঠীদের সঙ্গে মাদরাসা প্রাঙ্গণে খেলাধুলা করছিল আসাদ।

খেলার একপর্যায়ে তাদের বলটি মাদরাসার টিনের ছাদের ওপর আটকে যায়।

সেই বলটি আনতে টিনের ছাদে উঠলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে।

পরে মাদরাসা কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এজাজুল হক শিহাব জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

তার শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কয়েকটি চিহ্ন রয়েছে বলে এই চিকিৎসক উল্লেখ করেন।

নিহতের স্বজনরা জানান, সকালে মাদরাসা থেকে ফোন করে তাদের জানানো হয় যে খেলাধুলার সময় আসাদ আহত হয়েছে।

খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে ছুটে যান।

তবে নিহতের মামা অভিযোগ করেছেন, মাদরাসা কর্তৃপক্ষের অবহেলা ও খামখেয়ালির কারণেই তার ভাগনের মৃত্যু হয়েছে।

তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে বক্তব্য জানতে তা’লিমুল কুরআন মাদরাসার পরিচালক মাওলানা ফরিদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে।

স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে তিনি নিশ্চিত করেন।