
মাইক্রোবাসের তেলের ট্যাংকের সঙ্গে বিশেষ চেম্বার বানিয়ে অভিনব কায়দায় ৪০ হাজার ৫০০ পিস ইয়াবা পাচারের সময় চালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশের বারইয়ারহাট ট্রাফিক পুলিশ বক্সের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করে জোরারগঞ্জ থানা পুলিশ।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কালো রঙের এক্স নোহা স্কয়ার হাইব্রিড মাইক্রোবাস জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খুলনা সদর থানার আদমপাড়া এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে মো. রবিউল ইসলাম প্রকাশ রবি এবং নেহালপুর এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে গাড়িচালক মো. আলাউদ্দিন শেখ।
এছাড়া জিন্নাহ পাড়া এলাকার মৃত আনসার আলী সিকদারের ছেলে মো. মোশারফ শিকদার জাম্বু নামের আরেক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
জোরারগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার খবর পেয়ে তারা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসান।
চেকপোস্টের দিকে আসা মাইক্রোবাসটিকে দাঁড় করিয়ে গাড়ির চালক ও যাত্রীবেশে থাকা ওই তিন ব্যক্তিকে আটক করা হয়।
পরে তাদের দেখানো মতে গাড়ির পেছনের সিটের নিচে তেলের ট্যাংকির সঙ্গে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪০ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
প্লেন শিট দিয়ে ঢেকে রাখা ওই চেম্বার থেকে স্কচটেপে মোড়ানো ৬টি এবং লাল কসটেপে মোড়ানো ১৪টি বান্ডেলসহ ২০০ গ্রাম ভাঙা ইয়াবার গুঁড়াও উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন যে, মাদক পরিবহনের জন্য গাড়িটি খুলনার রূপসা ব্রিজ এলাকা থেকে কক্সবাজারের কলাতলী বিচ এলাকায় নেওয়া হয়েছিল।
সেখানে শাহাবুদ্দিন নামের এক ব্যক্তি গাড়িটি আলাউদ্দিন শেখের কাছ থেকে বুঝে নেন।
পরে শাহাবুদ্দিন ও মো. রবিউল ইসলাম মিলে গাড়ির তেলের ট্যাংকের সঙ্গে বিশেষ কায়দায় তৈরি গোপন চেম্বারে ইয়াবাগুলো লুকিয়ে গ্রেপ্তার তিন ব্যক্তির কাছে বুঝিয়ে দেন।
ইয়াবাগুলো ঢাকায় অবস্থানরত রানা বেগ ও রনি নামের দুই ব্যক্তির কাছে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার সন্ধ্যায় জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম গণমাধ্যমকর্মীদের কাছে এই বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মাইক্রোবাস জব্দের পাশাপাশি গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।