সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মেগা প্রকল্প পরিদর্শনে মাতারবাড়ীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৯ অগাস্ট ২০২৬ | ১২:৩৯ অপরাহ্ন


প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কক্সবাজারের মহেশখালী সফরে গেছেন তারেক রহমান।

রোববার সকালে উপজেলার মাতারবাড়ীতে বিভিন্ন মেগা উন্নয়ন প্রকল্প পরিদর্শনে যান তিনি।

সকাল ১০টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের হেলিপ্যাডে অবতরণ করে।

এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে তিনি মাতারবাড়ীর উদ্দেশে রওনা হন।

দিনব্যাপী এই সফরে তিনি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এবং এক হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করবেন।

পাশাপাশি মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের বা মিডার সার্বিক কার্যক্রম সরেজমিনে দেখবেন তিনি।

সেখানে বাস্তবায়নাধীন ও প্রস্তাবিত বিভিন্ন অবকাঠামো প্রকল্প পর্যালোচনা করে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।

মাতারবাড়ীর এসব কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উদ্দেশে রওনা হবেন।

সেখানে তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ এবং নতুন ঘর হস্তান্তর কর্মসূচিতে অংশ নেবেন।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মহেশখালী ও মাতারবাড়ীজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

তাঁর এই সফর নির্বিঘ্ন করতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভেন্যু ও আশপাশের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।