সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চকরিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ১০ অগাস্ট ২০২৬ | ৬:৩২ অপরাহ্ন


কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পার ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চকরিয়া উপজেলার চিরিঙ্গা বদরখালী সড়কের সাহারবিল শাহপুরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হলে বিকেল তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পঁচিশ বছর বয়সী মিজানুর রহমান উপজেলার চিরিংগা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ছিলেন।

তিনি চিরিংগা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মিজানুর রহমানসহ তিনজন একটি মোটরসাইকেলে করে চকরিয়া উপজেলা সদর থেকে বদরখালীর দিকে যাচ্ছিলেন।

শাহপুরা এলাকায় পৌঁছালে বদরখালীর দিক থেকে আসা দ্রুতগতির একটি ডাম্পার ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মিজানুর রহমানের হাত, পা ও মাথায় গুরুতর জখম হয় এবং মোটরসাইকেলে থাকা অন্য দুজনও আঘাতপ্রাপ্ত হন।

আহত তিনজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে মিজানুর রহমান মারা যান।

বাকি দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

চকরিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম বাপ্পি ছাত্রদল নেতা মিজানুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি ডাম্পার ট্রাকের চাপায় মিজানুর রহমানের মৃত্যুতে চকরিয়া উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন।

চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) নুর আলম মাসুম ছিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ডাম্পার ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করেছে।

নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে সড়ক পরিবহন আইনে মামলা রুজু করা হবে বলে তিনি উল্লেখ করেন।