সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ফল জানার ১০ মিনিট পর রাউজানে শিক্ষার্থীর মৃত্যু

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১১ অগাস্ট ২০২৬ | ৪:১৫ অপরাহ্ন


চট্টগ্রামের রাউজানে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের কিছুক্ষণ পর মনি দাশ গুপ্ত (১৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, ফল জানার পর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে স্থানীয় কয়েকজনের দাবি, ফলাফলে হতাশ হয়ে সে আত্মহত্যা করেছে।

সোমবার সকালে উপজেলার বাগোয়ান ইউনিয়নের গশ্চি এলাকায় এ ঘটনা ঘটে। মনি দাশ গুপ্ত ওই এলাকার মৃদুল দাশ গুপ্তের মেয়ে এবং গশ্চি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর মনি জানতে পারে, সে এবারও উত্তীর্ণ হতে পারেনি। এর কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়ে সে।

মায়ের ভাষ্য, ফলাফলের কথা জানার পর মনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মনির মা রেবা দাশ গুপ্ত বলেন, “রেজাল্টের কথা শোনার পরই সে স্ট্রোক করে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

তবে স্থানীয় কয়েকজন দাবি করেন, ফলাফলে হতাশ হয়ে মনি আত্মহত্যা করেছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এমন কোনো অভিযোগ করা হয়নি।

মনি দাশ গুপ্তের বাবা সবজি ব্যবসা করেন। তাঁর আয়ে সংসার চলত বলে জানিয়েছে পরিবার।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, মনি ২০২২-২৩ শিক্ষাবর্ষের অনিয়মিত শিক্ষার্থী ছিল। এবার সে দুই বিষয়ে পরীক্ষা দেয়। গণিতে উত্তীর্ণ হলেও ইংরেজিতে অকৃতকার্য হয়।

গশ্চি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরু নবী বলেন, “মনি অনিয়মিত শিক্ষার্থী ছিল। এবার দুই বিষয়ে পরীক্ষা দিয়েছিল। গণিতে পাস করলেও ইংরেজিতে পাস করতে পারেনি।”

নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আনিসুর জামান বলেন, “এ ধরনের কোনো ঘটনার খবর আমরা পাইনি।”