
যুগোপযোগী জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুত করার ওপর জোর দিয়েছেন সাবেক মন্ত্রী, মেয়র ও রাষ্ট্রদূত মীর মোহাম্মদ নাছির উদ্দীন।
মঙ্গলবার সকালে চট্টগ্রামের হাটহাজারীতে মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলে একটি নতুন একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
নতুন নির্মিত মীর মোহাম্মদ নাছির উদ্দীন একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মীর মোহাম্মদ নাছির উদ্দীন জানান, শিক্ষার্থীদের শুধু প্রচলিত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না।
তাঁদের যুগোপযোগী জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করে দিতে হবে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
তিনি তাঁর বক্তব্যে বর্তমান সময়ের চাহিদা বিবেচনায় শিক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষার সুযোগ তৈরি করা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী মীর হেলাল জানান, এই চিন্তা মাথায় রেখে বর্তমান সরকার প্রধান তারেক রহমান দেশজুড়ে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার উদ্যোগ নিয়েছেন।
দীর্ঘ ১৭ বছর ধরে শিক্ষাব্যবস্থাকে যেভাবে নষ্ট করা হয়েছে, বর্তমান সরকার তা পরিবর্তনে কাজ করছে বলে তিনি জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে দেশকে উন্নত ও শিক্ষিত জাতি হিসেবে গড়ার লক্ষ্যে মানবসম্পদ উন্নয়নে কাজ করছেন বলে তিনি উল্লেখ করেন।
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষা চালু হলে শিক্ষার্থীরা নিজেদের কর্মজীবনের জন্য আরও ভালোভাবে প্রস্তুত করতে পারবে বলে মীর হেলাল জানান।
দেশের উন্নয়নে দক্ষ জনশক্তির কোনো বিকল্প নেই জানিয়ে তিনি শিক্ষার্থীদের বাস্তবমুখী ও কর্মমুখী শিক্ষার দিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
নবনির্মিত এই একাডেমিক ভবন উদ্বোধনের মধ্য দিয়ে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রমে নতুন অবকাঠামোগত সুবিধা যুক্ত হলো।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় প্রথম হওয়া এক শিক্ষার্থীকে আগামী এক বছরের শিক্ষা খরচ পুরস্কার হিসেবে প্রদান করেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
বিদ্যালয়ের দাতা সদস্য ব্যারিস্টার ইসরাত নাজনীন নাছির অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী তানভীর ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সেলিম উদ্দীন রেজা এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।