সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চাঁদা দাবি, পরে প্রবাসী ব্যবসায়ীর বাড়িতে গুলি

পাঁচলাইশে আতঙ্ক, ঘটনার তদন্ত করছে পুলিশ
একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১১ অগাস্ট ২০২৬ | ৮:২৫ অপরাহ্ন

গুলি করে হত্যা
চট্টগ্রাম নগরের পাঁচলাইশের হামজারবাগে এক প্রবাসী ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বাড়ির মালিকের অভিযোগ, এর আগে তাঁর প্রবাসী ছেলের হোয়াটসঅ্যাপে ভয়েস বার্তা পাঠিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে দাবি পরিবারের।

সোমবার রাত ১১টার দিকে হামজারবাগ এলাকায় হাজী মোহাম্মদ ইউসুফের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। কারা এবং কী কারণে গুলি করেছে, তা এখনো নিশ্চিত নয়।

চাঁদা দাবির অভিযোগ

বাড়ির মালিক মোহাম্মদ ইউসুফ বলেন, তাঁর ছেলে মোহাম্মদ শওকত দুবাইপ্রবাসী। কয়েক মাস আগে তিনি দেশে এসেছেন।

ইউসুফের ভাষ্য, সোমবার দুপুরে তাঁর ছেলের হোয়াটসঅ্যাপে বিদেশি নম্বর থেকে একটি ভয়েস বার্তা আসে। সেখানে এক ব্যক্তি নিজেকে কাতার থেকে বলছেন জানিয়ে ৫০ লাখ টাকা দাবি করেন।

তিনি বলেন, “আমার ছেলে বিষয়টি আমাকে জানালে আমি বলি, কোনো উত্তর দেওয়ার দরকার নেই। নম্বরটি ব্লক করে দিতে বলি। এরপর রাতে আমাদের বাড়িতে গুলি করা হয়।”

ইউসুফের দাবি, গুলির দুটি চিহ্ন বাড়ির গেটে রয়েছে। এ ঘটনায় পরিবার ও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

তিনি বলেন, গুলির সময় বিকট শব্দ হয়। পরে তাঁরা নিচে নেমে গেটের কাছে গুলির চিহ্ন দেখতে পান। ওই সময় নিরাপত্তাকর্মীকে ভয় দেখানো হলেও তিনি হামলাকারীদের দেখতে পারেননি।

তদন্ত করছে পুলিশ

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুল ইসলাম বলেন, “রাতে হামজারবাগ এলাকায় বিদ্যুৎ না থাকার সুযোগে একটি বাড়ি লক্ষ্য করে কে বা কারা দুই রাউন্ড গুলি করেছে।”

তিনি বলেন, “বাড়িটি স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজের শ্বশুরবাড়ি। ব্যবসায়ী শওকতের বাসা হিসেবেও এলাকাবাসী চেনে। আতঙ্ক সৃষ্টি করার জন্য এটি করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

ওসি আরও বলেন, “চাঁদা দাবির ভয়েস রেকর্ডসহ সব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।”

পুলিশ সূত্র জানায়, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একাধিক দল। তবে এ ঘটনায় এখনো মামলা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।