সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

সীতাকুণ্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে দ্বিতীয় বালিকা উচ্চ বিদ্যালয়

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১১ অগাস্ট ২০২৬ | ৮:৩৩ অপরাহ্ন


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়। এবার বিদ্যালয়টির ৩০৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ২২৬ জন। পাসের হার ৭৪ দশমিক ৩৪ শতাংশ।

বিদ্যালয় সূত্রে পাওয়া ফলাফল অনুযায়ী, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক—তিন বিভাগ মিলিয়ে এবার বিদ্যালয়টির ২৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে সর্বোচ্চ ২১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বিজ্ঞান বিভাগে ৮১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৪ জন। এ বিভাগের পাসের হার ৯১ দশমিক ৩৬ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে ১২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৯১ জন পাস করেছে। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে চারজন। পাসের হার ৭০ দশমিক ৫৪ শতাংশ।

মানবিক বিভাগে ৯৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬১ জন। এ বিভাগে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি। মানবিক বিভাগের পাসের হার ৬৪ দশমিক ৮৯ শতাংশ।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, নিয়মিত পাঠদান, পরীক্ষার আগে প্রস্তুতি এবং শিক্ষার্থীদের প্রতি বাড়তি নজর দেওয়ার কারণে বিজ্ঞান বিভাগে ভালো ফল এসেছে। তবে সামগ্রিক পাসের হার আরও বাড়ানোর দিকে আগামীতে গুরুত্ব দেওয়া হবে।

বিদ্যালয় সংশ্লিষ্টরা বলেন, জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে উপজেলার দ্বিতীয় অবস্থান অর্জন বিদ্যালয়ের জন্য ইতিবাচক। একই সঙ্গে অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের ফল উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।