সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

এসএসসির ফল দেখতে বের হয়ে আর ফেরেনি মুগ্ধ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১১ অগাস্ট ২০২৬ | ৯:২৯ অপরাহ্ন


এসএসসি পরীক্ষার ফল দেখতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছে চট্টগ্রামের বাঁশখালীর এক শিক্ষার্থী। প্রাচুর্য দাশ মুগ্ধ (১৬) নামের ওই শিক্ষার্থী নাপোড়া-শেখেরখীল উচ্চ বিদ্যালয় থেকে এবার বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষা দিয়েছিল।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (১০ আগস্ট) সকাল ৮টা ৫ মিনিটের দিকে নগরের কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকার বাসা থেকে ফলাফল দেখার কথা বলে বের হয় মুগ্ধ। এরপর আর বাসায় ফেরেনি সে।

মুগ্ধের পরিবার জানিয়েছে, প্রকাশিত এসএসসির ফলাফলে সে ৪ দশমিক ৩৩ পয়েন্ট পেয়ে ‘এ’ গ্রেড অর্জন করেছে।

নিখোঁজের ঘটনায় মুগ্ধের পরিবার কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। জিডির তথ্য অনুযায়ী, মুগ্ধের উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন ৬৫ কেজি এবং রক্তের গ্রুপ ‘ও পজিটিভ’। নিখোঁজের সময় তার পরনে ছিল সবুজ স্ট্রাইপযুক্ত সাদা শার্ট।

মুগ্ধের মা দোদুল চাঁপা দে দক্ষিণ নাপোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। স্বজনেরা জানান, একমাত্র সন্তান নিখোঁজ হওয়ার পর থেকে তার বাবা-মা অসুস্থ হয়ে পড়েছেন।

পরিবারের সদস্যরা জানান, মুগ্ধ বাসা থেকে বের হওয়ার পর বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে থানায় জিডি করা হয়।

মুগ্ধের মামা হাইকোর্টের আইনজীবী কুমার দেবুল দে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “মুগ্ধ, তুমি যদি এই পোস্টটি দেখে থাকো, তাহলে বাসায় ফিরে আসো বাবা। তোমাকে না পেয়ে তোমার মা-বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।”

কোতোয়ালী থানা পুলিশ এ বিষয়ে তদন্ত করছে বলে জানিয়েছে পরিবার। মুগ্ধের সন্ধান পেলে ০১৮১৬-০৯৫৬৮৮ ও ০১৮১২৩৭৭৬২৯ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।