সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

রাউজানে প্রবাসীর সাড়ে ২৩ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার এক

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১২ অগাস্ট ২০২৬ | ৯:২০ অপরাহ্ন


চট্টগ্রামের রাউজানে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মো. আহম্মদ উল্লাহ ওরফে সাব্বির নামের এক দুবাই প্রবাসীর সাড়ে ২৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

ঘটনার পরপরই অভিযান চালিয়ে মো. জয়নাল আবেদীন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাউজান থানা পুলিশ।

এ সময় ওই আসামির কাছ থেকে ছিনতাই হওয়া টাকার মধ্যে সাড়ে ১৭ লাখ টাকা উদ্ধার করা হয়।

বুধবার এই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি ও আরও তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই প্রবাসী।

মামলার এজাহারে উল্লেখিত অপর তিন আসামি হলেন মো. শহিদুল ইসলাম ওরফে পারভেজ, মো. সালাউদ্দিন এবং মো. আলমগীর।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার ১ নম্বর হলদিয়া ইউনিয়নের ইয়াছিন নগর সাকিনের সেবাখোলা এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ভুক্তভোগী আহম্মদ উল্লাহ পুলিশকে জানান, তিন মাস আগে তিনি ছুটিতে দেশে আসেন।

ইট কেনার অগ্রিম টাকা হিসেবে তাঁর কাতার প্রবাসী চাচাতো ভাই মো. রাসেল বিভিন্ন ব্যাংক হিসাবে ওই অর্থ পাঠিয়েছিলেন।

মঙ্গলবার চারটি ব্যাংক হিসাব থেকে ২৫ লাখ ১৭ হাজার টাকা তুলে তিনি বাড়িতে যান।

সেখান থেকে সাড়ে ২৩ লাখ টাকা একটি ব্যাগে নিয়ে তিনি প্রাইভেটকার যোগে বৃন্দাবনের দিকে যাচ্ছিলেন।

এ সময় গাড়িতে তাঁর সঙ্গে আরফাত ও নয়ন নামের দুই বন্ধু ছিলেন।

গাড়িটি সেবাখোলা এলাকায় পৌঁছালে চার ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে প্রাইভেটকারের গতিরোধ করেন।

এরপর গাড়ির দরজা খুলতে বাধ্য করে মারধর ও ভয়ভীতি দেখিয়ে সাড়ে ২৩ লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে তাঁরা পালিয়ে যান।

রাউজান থানার ওসি সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে।

ওই দিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হলদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইয়াছিন নগর এলাকার মো. জয়নাল আবেদীনের বসতঘরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

তাঁর হেফাজত থেকে উদ্ধার করা সাড়ে ১৭ লাখ টাকা ভুক্তভোগী ও সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে।

বাকি টাকা উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং উদ্ধার হওয়া টাকা আইনি প্রক্রিয়ার মাধ্যমে মালিককে হস্তান্তর করা হবে বলে ওসি নিশ্চিত করেছেন।