সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

রাঙ্গুনিয়ায় প্রশাসনের নীরবতায় ইছামতী থেকে বালু উত্তোলন

এম মোয়াজ্জেম হোসেন কায়সার | প্রকাশিতঃ ১৭ অগাস্ট ২০২৬ | ৩:১৩ অপরাহ্ন


স্থানীয় সংসদ সদস্যের নিষেধাজ্ঞা অমান্য করে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছামতী খাল থেকে মেশিন বসিয়ে বালু উত্তোলনের ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

উপজেলার লালানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ঘাগড়া খিল মোগল দক্ষিণ পাড়া সংলগ্ন তুলাতলা এলাকায় এই বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।

রোববার রাত আটটার দিকে ‘ইছামতী খাল রক্ষা আন্দোলন কমিটি’ নামের একটি সংগঠনের এক নেতা প্রথম মেশিন বসানোর খবর জানান।

খবর পেয়ে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাঙ্গুনিয়া থানার ওসি এবং এসিল্যান্ডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়।

রাত দশটা পঞ্চাশ মিনিটে ইউএনও জানান যে, উপজেলায় এসিল্যান্ড নেই এবং বিষয়টি তিনি ওসিকে ফরোয়ার্ড করেছেন।

এরপর সার্কেল এএসপিকে ফোনে না পেয়ে হোয়াটসঅ্যাপে এবং সাংবাদিকদের একটি যোগাযোগমাধ্যমে বিস্তারিত জানানো হয়।

রাত এগারোটার দিকে স্থানীয় এক বিএনপি নেতা বালু উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে ক্ষোভ প্রকাশ করেন।

পরে রাত সাড়ে বারোটার দিকে স্থানীয় গ্রাম পুলিশ বা চৌকিদার জানান যে ওপর মহলের নির্দেশে মেশিনের লাইন খুলে ফেলা হয়েছে।

সোমবার সকালে ছাত্রদল, যুবদল এবং বিএনপির রাজনৈতিক নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলনের তীব্র প্রতিবাদ জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে তাঁরা দাবি করেন, রাঙ্গুনিয়ায় এত সাংবাদিক থাকার পরও কেউ ঘটনাস্থলে যাননি।

স্থানীয় সংসদ সদস্য বালু উত্তোলনকে অবৈধ ঘোষণা করার পরও এমন ঘটনা দুঃখজনক বলে তাঁরা উল্লেখ করেন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

ইছামতী খাল রক্ষা আন্দোলন কমিটি জানায়, বর্তমানে বালু উত্তোলন বন্ধ রয়েছে।

তবে মোগলের হাট-রাজারহাট সড়ক ও একটি মসজিদের পাশে অবস্থিত ওই স্থানে এখনও মেশিন ও পাইপ পড়ে রয়েছে বলে জানা গেছে।