
চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে একটি বসতবাড়িতে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাতরা।
সোমবার ভোর চারটার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তজু মুন্সীর গ্যারেজ এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।
ওই এলাকার মৃত মাস্টার জসিম উদ্দিনের বাড়িতে এই ঘটনা ঘটে বলে স্থানীয় ইউপি সদস্য নেজাম উদ্দিন নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী পরিবারের সদস্য ও মৃত মাস্টার জসিম উদ্দিনের চাচাতো ভাই মোজাম্মেল হক জানান, দুই তলা পাকা বাড়িটিতে চার ভাইয়ের পরিবার বসবাস করে।
এর মধ্যে নিচতলায় জমির উদ্দিন ও হেলাল উদ্দিনের পরিবার থাকে।
মোজাম্মেল হক জানান, ভোর চারটার দিকে প্রায় ১৫ সদস্যের একটি ডাকাত দল কৌশলে জমির উদ্দিনের ঘরে প্রবেশ করে।
এরপর তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা মূল্যবান মালামাল লুট করতে থাকে।
একপর্যায়ে পাশের ঘরে থাকা হেলাল উদ্দিনের পরিবারের সদস্যদেরও ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে।
তবে ডাকাত দলটি বাড়ির দ্বিতীয় তলায় থাকা অপর দুই ভাইয়ের ঘরে ঢুকতে পারেনি।
মোজাম্মেল হকের ভাষ্যমতে, ডাকাতদের হাতে বন্দুক, ছুরি ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ছিল।
তারা নিচতলার দুটি ঘর থেকে প্রায় দেড় লাখ নগদ টাকা, কয়েকটি স্মার্টফোন এবং পাঁচ ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নেয়।
যাওয়ার সময় ডাকাতরা পুলিশকে খবর না দেওয়ার জন্য পরিবারের সদস্যদের হুমকি দিয়ে যায়।
খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।