সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

লোহাগাড়া হাসপাতালের সংকট উত্তরণে বিএনপি নেতার উদ্যোগ

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৭ অগাস্ট ২০২৬ | ৮:০২ অপরাহ্ন


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও বিদ্যমান সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন বিএনপি নেতা লায়ন নাজমুল মোস্তফা আমিন।

সোমবার দুপুর দুইটার দিকে তিনি হাসপাতালটি পরিদর্শনে যান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত এই সংসদ সদস্য প্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য এদিন রোগীদের হাতে মৌসুমী ফল তুলে দেন।

এ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

এর আগে হাসপাতালের কনফারেন্স হলে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি।

সভায় তিনি হাসপাতালের জনবল সংকট, চিকিৎসাসেবার মান এবং রোগীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধাসহ বিভিন্ন সমস্যার কথা শোনেন।

মতবিনিময় সভায় লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল ইফরান এবং আবাসিক মেডিকেল অফিসার বা আরএমও ডা. নুসরাত জাহান উপস্থিত ছিলেন।

এছাড়া দক্ষিণ জেলা যুবদলের প্রথম সহসভাপতি আবু সেলিম চৌধুরী এবং চরম্বা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব ও উপজেলা বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট শফিকুল আলম লিটন সেখানে উপস্থিত ছিলেন।

একই সঙ্গে উপজেলা যুবদল নেতা গিয়াস উদ্দীন চৌধুরী, সাবেক ছাত্রদল নেতা নুরুল ইসলাম, মো. রিয়াদ এবং ছাত্রদল নেতা মো. কায়েস উদ্দীনসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে নাজমুল মোস্তফা আমিন জানান, মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা একটি মৌলিক দায়িত্ব।

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে কোনো রোগী যেন প্রয়োজনীয় সেবা ও সুযোগ-সুবিধার অভাবে কষ্ট না পান, তা নিশ্চিত করা জরুরি বলে তিনি মনে করেন।

সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যমান সমস্যা ও সংকটগুলো সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করলে রোগীরা আরও উন্নত সেবা পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও রোগীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে নিজের অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি।