সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

হাটহাজারীতে ১৮ ভরি স্বর্ণসহ চল্লিশ লাখ টাকার মালামাল লুট

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৭ অগাস্ট ২০২৬ | ৮:১১ অপরাহ্ন


চট্টগ্রামের হাটহাজারীতে সীমানাপ্রাচীর টপকে ঘরে ঢুকে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ আনুমানিক ৪০ লাখ টাকার মালামাল লুটের ঘটনা ঘটেছে।

উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জগন্নাথ পাড়ায় রবিবার গভীর রাতে এই চুরির ঘটনা সংঘটিত হয়।

এই ঘটনায় সোমবার বিকেলে ৪০ বছর বয়সী মঞ্জু সিকদার নামের এক নারী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় মঞ্জু সিকদার অসুস্থ বাবা-মায়ের দেখাশোনা করতে বাবার বাড়িতে থাকেন।

তাঁর একমাত্র ভাই মধ্যপ্রাচ্যে প্রবাসী হওয়ায় পরিবারের অন্যদের সঙ্গে তিনি ওই বাড়িতেই বসবাস করেন।

রবিবার রাতে পরিবারের সদস্যরা খাবার খেয়ে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়েন।

রাত আনুমানিক তিনটার দিকে তাঁর বয়োবৃদ্ধ বাবা মিলন কান্তি দে ঘুম থেকে উঠলে ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান।

তিনি পরিবারের অন্য সদস্যদের ডেকে তোলেন এবং এ সময় ঘরের সদর দরজা খুলতে গিয়ে সেটি বাইরে থেকে বন্ধ পাওয়া যায়।

পরে ঘরের মালামাল পরীক্ষা করে চুরির বিষয়টি নিশ্চিত হন পরিবারের সদস্যরা।

তাঁরা জানান, চোরেরা ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা এবং আরও প্রায় দেড় লাখ টাকার অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে।

সব মিলিয়ে খোয়া যাওয়া মালামালের আনুমানিক মূল্য চল্লিশ লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।

মির্জাপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার রুপেন কুমার শীল এই চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাটহাজারী মডেল থানার ডিউটি অফিসার এসআই হাবিব অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, পুরো বিষয়টি তদন্ত করে এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।