
চট্টগ্রামের হাটহাজারীতে ধাওয়া করে মুহাম্মদ আরাফাত নামের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক সমর্থককে গুলি করেছে অজ্ঞাত অস্ত্রধারীরা।
সোমবার বিকেল চারটার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের বড়ুয়াপাড়ার হ্যাচারি এলাকায় এই ঘটনা ঘটে।
২৫ বছর বয়সী আরাফাত উপজেলার মধ্যম মাদার্শা ইউনিয়নের মদুনাঘাট এলাকার মোহাম্মদ আইয়ুবের ছেলে।
স্থানীয়রা জানান, মদুনাঘাট বাজার থেকে কয়েকজন অস্ত্রধারী ওই তরুণকে ধাওয়া করে।
প্রায় আধা কিলোমিটার দূরে বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় তাঁকে ধরে গুলি করে হামলাকারীরা পালিয়ে যায়।
এ সময় গুলির শব্দে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে ওই তরুণকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
জানা গেছে, আরাফাতের মুখে শর্টগানের গুলি লাগলেও আঘাত গুরুতর নয় এবং চিকিৎসা শেষে তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
আহত আরাফাত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমর্থক বলে পুলিশ নিশ্চিত করেছে।
দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য মুহাম্মদ নাজিম উদ্দিন জানান, গুলির শব্দ শুনে এবং স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান।
স্থানীয় কোনো বিরোধকে কেন্দ্র করে এই গুলির ঘটনা ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন।
মদুনাঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক ইব্রাহিম আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।
তিনি আরও জানান, স্থানীয় লোকজন গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে নিয়ে গেছেন এবং এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজি মো. তারেক আজিজ জানান, কারা এই ঘটনার সঙ্গে জড়িত, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তদন্ত সাপেক্ষে পরবর্তীতে এ ব্যাপারে বিস্তারিত জানানো সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।