
চট্টগ্রামের পটিয়ায় প্রভাবশালী মহলের হস্তক্ষেপে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেওয়ায় অন্তত ২০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাজীপাড়াসহ আশপাশের চার থেকে পাঁচটি গ্রামের বিস্তীর্ণ এলাকায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
সিমেন্ট দিয়ে পানি চলাচলের পথ বন্ধ করার ফলে পুকুর ও চাষাবাদের জমি তলিয়ে গিয়ে স্থানীয় বাসিন্দারা চরম ক্ষতির মুখে পড়েছেন।
সরেজমিনে দেখা যায়, সড়কের এক পাশে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হলেও অন্য পাশে আমন ধানের চাষ চলছে।
স্থানীয়রা জানান, ওই এলাকার পানি ত্রিমুখী সড়কের মঙ্গলের টেক দিয়ে চলাচল করত এবং মরা খাল হয়ে চাঁন্দখালী খালে গিয়ে পড়ত।
সম্প্রতি মঙ্গলের টেক এলাকায় পানি চলাচলের ওই পথটি স্থানীয় একটি প্রভাবশালী মহল সিমেন্ট দিয়ে বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এর ফলে বর্ষার পানি নিষ্কাশন হতে না পেরে উত্তর হাইদগাঁওয়ের ৭ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকার বিশাল অংশ পানিতে তলিয়ে আছে।
পানি জমে থাকায় একদিকে কৃষকরা চাষাবাদ করতে পারছেন না, অন্যদিকে পুকুর তলিয়ে যাওয়ায় মাছচাষিরাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলেও চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী আরিফ উল্লাহ জানান, বর্ষার অতিরিক্ত পানি আশপাশের এলাকা থেকে নেমে গেলেও কাজীপাড়া এলাকার পানি এখনো নামেনি।
মঙ্গলের টেক এলাকায় পানি চলাচলের পথ বন্ধ থাকায় প্রায় ২০০ পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে এবং স্কুলের শিক্ষার্থীদের চলাচলেও ব্যাঘাত ঘটছে বলে তিনি উল্লেখ করেন।
এই সমস্যা সমাধানে তিনি চট্টগ্রাম-১২ বা পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম এবং পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমানের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ বিষয়ে হাইদগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দীন জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।