সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ছয় চুক্তি, দুই প্রতিষ্ঠান, এক মালিক: ৭ কোটি ৬০ লাখ টাকার হিসাব

শরীফুল রুকন | প্রকাশিতঃ ১৯ অগাস্ট ২০২৬ | ৫:১১ অপরাহ্ন


চট্টগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের বার্ষিক ক্রয়ের ৮২ শতাংশ গেছে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের হাতে। ই-জিপির প্রকাশিত পাতায় দুটির প্রকৃত সুবিধাভোগী মালিক একই ব্যক্তি- রুম্মান সুলতানা। চুক্তিগুলো কী, কবে, কত টাকার- পূর্ণ হিসাব।

মোট: ৭ কোটি ৬০ লাখ টাকা।

যা লক্ষ করার মতো। ছয়টির চারটির দরপত্র-বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে একই দিনে- ২৫ জানুয়ারি ২০২৬। ১৫ এপ্রিল একই দিনে সই হয়েছে তিনটি চুক্তি, দুই প্রতিষ্ঠান মিলিয়ে; ১৯ মে আবার একই দিনে দুটি। সব কটিই উন্মুক্ত দরপত্র (ওটিএম) পদ্ধতির। অর্থাৎ যে পদ্ধতিতে যে কেউ দর দিতে পারেন।

কেনাকাটাগুলো কী ধরনের। ওষুধ, র‍্যাবিস ভ্যাকসিন, সার্জিক্যাল যন্ত্রপাতি, এক্স-রে ফিল্ম- একটি সরকারি হাসপাতাল সারা বছর যা দিয়ে চলে, তার প্রায় পুরোটা।

যা এই তালিকা প্রমাণ করে না। হাসপাতাল কর্তৃপক্ষের সরবরাহ করা ছয়টি দরপত্রের উন্মুক্তকরণ শিট মিলিয়ে দেখা গেছে, দুই প্রতিষ্ঠান কখনো একই দরপত্রে মুখোমুখি হয়নি। প্রতিটি প্যাকেজে ছিল একটিমাত্র প্রতিষ্ঠান, প্রতিদ্বন্দ্বী তিন থেকে আটটি ভিন্ন প্রতিষ্ঠান। অর্থাৎ যোগসাজশের প্রমাণ নথিতে নেই।

টেন্ডার আইডি ও আর্কাইভ লিংকসহ পূর্ণ তালিকা এই সিরিজের শেষ প্রতিবেদনের সংযুক্তিতে প্রকাশিত হবে- যে কেউ মিলিয়ে দেখতে পারবেন।

মূল প্রতিবেদন: ‘এটা ১০০% পেতে পারি আমি’: এক মালিকের দুই প্রতিষ্ঠান, ৮২ শতাংশ কাজ