সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

সাতকানিয়া ক্রীড়া সংস্থার সিলেকশন কমিটি বাতিলের দাবি

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২০ অগাস্ট ২০২৬ | ৭:৪১ অপরাহ্ন


চলমান নির্বাচনী প্রক্রিয়া শেষ না করে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠনের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

সাতকানিয়ার বাসিন্দা ও চট্টগ্রাম জেলা জজ আদালতের আইনজীবী এনামুল হক নবগঠিত এই কমিটি বাতিল ও নির্বাচনী প্রক্রিয়া পুনর্বহালের দাবি জানিয়েছেন।

গত ২০ আগস্ট জেলা প্রশাসকের কাছে দেওয়া ওই আবেদনে বলা হয়, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্রের ১১.৬ অনুচ্ছেদ অনুযায়ী সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পদে গত ২ জুলাই নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছিল।

তফসিল অনুযায়ী মোট নয়জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন এবং বাছাই ও প্রত্যাহার শেষে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন।

তাঁদের মধ্যে প্রতীকও বরাদ্দ দেওয়া হয়েছিল এবং গত ২৩ জুলাই ভোটগ্রহণের তারিখ নির্ধারিত ছিল।

তবে দক্ষিণ চট্টগ্রামে ভয়াবহ বন্যার কারণে নির্বাচন স্থগিত করা হয়।

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রত্যয়নপত্র ও অন্যান্য কাগজপত্র জমা দিয়ে নতুন ভোটের তারিখ ঘোষণার অপেক্ষায় ছিলেন।

অভিযোগকারীর দাবি, নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন না করেই এবং প্রার্থীদের যথাযথভাবে অবহিত না করে গত ১৮ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত এক আদেশে ৪১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।

একই আদেশে সাধারণ সম্পাদক পদে গিয়াস উদ্দিন হিরোকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে ওই আবেদনে উল্লেখ করা হয়।

এতে চলমান নির্বাচনী প্রক্রিয়া বাতিল করে একতরফাভাবে কমিটি গঠনের অভিযোগ তুলে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

তাঁদের মতে, ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের সুযোগ না দিয়ে এমন কমিটি গঠন করায় নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও অংশগ্রহণমূলক পরিবেশ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

জেলা প্রশাসকের কাছে দেওয়া ওই আবেদনে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানানো হয়েছে।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নবগঠিত কমিটির কার্যক্রম স্থগিত রাখা এবং পূর্বের নির্বাচনী প্রক্রিয়া বহাল রেখে স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানানো হয়েছে।

কোনো অনিয়ম হয়ে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও দাবি ওই আবেদনে করা হয়েছে।

অভিযোগের বিষয়ে আইনজীবী এনামুল হক জানান যে, ২০২৪ সালের ৩৬ জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসককে বিতাড়িত করার পর দেশে বর্তমানে গণতান্ত্রিক শাসনব্যবস্থা চলছে।

এর মধ্যে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে আইন মেনে প্রার্থী হওয়া ব্যক্তিদের কিছু না জানিয়ে রাতারাতি সিলেকশন কমিটি করে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে তিনি মন্তব্য করেন।

প্রয়োজনে উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি আরও জানান, প্রার্থীরা যেহেতু মনোনয়ন জমা দিয়ে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন, তাই তাঁদের ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের সুযোগ দেওয়া উচিত।

নির্বাচন বাতিল করে নতুন করে সিলেকশন কমিটি গঠন কতটা বিধিসম্মত, সেটি নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

এদিকে, অভিযোগের বিষয়ে সাতকানিয়া উপজেলা প্রশাসন কিংবা নবগঠিত ক্রীড়া সংস্থার কমিটির সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

তবে কমিটি ঘোষণা প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান পূর্বে জানিয়েছিলেন যে, তিনি সাতকানিয়ায় থাকতে চাচ্ছেন না এবং অন্যত্র চলে যেতে পারলেই বাঁচেন।

পাশাপাশি ক্রীড়া কমিটি ঘোষণার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।