সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিরুৎসাহিত করার আহ্বান

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২০ অগাস্ট ২০২৬ | ৭:৪৩ অপরাহ্ন


শিক্ষার্থীদের ডিভাইসের প্রতি আসক্তি কমানো এবং বিদ্যালয়ে স্মার্টফোন আনা বন্ধে শিক্ষক ও অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারী শিক্ষা জাগরণে পরিচিত প্রতিষ্ঠান নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অভিভাবক সমাবেশে বক্তারা এই আহ্বান জানান।

শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের অংশগ্রহণে বিদ্যালয় মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও ব্যাংকার মোহাম্মদ নুর নেওয়াজ চৌধুরী।

তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের বিদ্যালয়ে স্মার্টফোন আনা বন্ধ করতে শিক্ষকদের সতর্ক থাকার পরামর্শ দেন।

একইসঙ্গে তিনি সময়মতো ক্লাস শুরু ও শেষ করার ওপর গুরুত্বারোপ করে ভবিষ্যৎ প্রজন্ম গড়তে শিক্ষকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ভালো ফলাফলের বিষয়ে প্রধান অতিথি উল্লেখ করেন, এই অর্জন কেবল শিক্ষার্থীদের ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি পরিবার, শিক্ষক এবং বিদ্যালয়ের গৌরব।

তিনি শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার, পরিশ্রম করার এবং হতাশ না হয়ে ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দেন।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক অসীম কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশ সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক তিলক কুমার বৈদ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য ও সাংবাদিক এস এম আক্কাছ।

তিনি অভিভাবকদের উদ্দেশে শিক্ষার্থীদের পড়ালেখায় যত্নবান হওয়ার এবং তাদের ডিভাইস আসক্তি কমানোর তাগিদ দেন।

শিক্ষার্থীদের আগামী দিনের গুরুত্বপূর্ণ নেতৃত্ব হিসেবে উল্লেখ করে তিনি শিক্ষকদের দায়িত্বশীল হয়ে সুশিক্ষা নিশ্চিত করা এবং নারী শিক্ষা জাগরণে ভূমিকা রাখার কথা স্মরণ করিয়ে দেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহানারা বেগম, শিক্ষক পারভেজ সোবহান, মহিউদ্দিন এবং মো. মজিদুল ইসলাম।

সমাবেশ শেষে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১৩ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।