
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাছ ধরার সময় শারীরিক অসুস্থতার কারণে খালে পড়ে নিখোঁজ হওয়ার একদিন পর মো. বখতিয়ার হোসেন নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর একটার দিকে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খোরশেদ তালুক এলাকার কুরমাই খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
পঞ্চাশ বছর বয়সী নিহত মো. বখতিয়ার হোসেন দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোয়াজ্জিন বাড়ির রমজান আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে মো. বখতিয়ার হোসেন বাড়ির অদূরে পাহাড়ি এলাকায় নিজের খামারে যান।
সেখানে কৃষি প্রকল্প ও দুটি গরুর দেখাশোনার পাশাপাশি প্রতিদিনের মতো কুরমাই খালে বড়শি দিয়ে মাছ ধরতে নেমে একপর্যায়ে তিনি নিখোঁজ হন।
খালের পাড়ে তাঁর খাবারের বাটি ও ছাতা পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস কবির জানান, মো. বখতিয়ার হোসেনের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত শারীরিক জটিলতা ছিল।
মাছ ধরার সময় শারীরিক অসুস্থতার কারণে সবার অগোচরে তিনি খালে পড়ে নিখোঁজ হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
বুধবার বিকেল থেকে তাঁর কোনো সন্ধান না পাওয়ায় স্বজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে কুরমাই খালে তাঁর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা তা উদ্ধার করেন।
পেশায় কৃষক হলেও মো. বখতিয়ার হোসেন দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসজীবন কাটিয়েছেন।
অসুস্থতার কারণে প্রায় আট থেকে দশ বছর আগে দেশে ফিরে আসেন তিনি এবং তাঁর দশ বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় হযরত আব্দুল কাদের জিলানী (রহ.) জামে মসজিদ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
পরে ছাদেকের পাড়া এলাকার পুরোনো বাড়ি সংলগ্ন কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।