সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২১ অগাস্ট ২০২৬ | ১০:৪৬ অপরাহ্ন


নতুন শপথ নেওয়া চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে। একই সঙ্গে একজন মন্ত্রীর দপ্তর পরিবর্তন করা হয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথ পড়ান। এর আগে তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।

নতুন চার মন্ত্রী হলেন আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু জেরী ও আন্দালিভ রহমান পার্থ। নতুন দুই প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির (টেকনোক্র্যাট) ও মোহাম্মদ শামীম কায়সার (লিংকন)।

মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টনের সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শূন্য পদে দায়িত্ব পেয়েছেন আবদুল মঈন খান। প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাত পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব। এ মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা) এখন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন দীপেন দেওয়ান। তিন মাসের মাথায় তিনি পদত্যাগ করেন। বর্তমানে এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

নতুন মন্ত্রী হিসেবে শপথ নেওয়া বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এত দিন এ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা করা হয়েছে।

নতুন প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে রয়েছেন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এ মন্ত্রণালয়ে আগে থেকেই প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা শামা ওবায়েদ ইসলামও তাঁর পদে বহাল থাকছেন। ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। এ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন খলিলুর রহমান।