সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চকরিয়ায় টমটম উল্টে ট্রাকের চাপায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ২২ অগাস্ট ২০২৬ | ৮:০৬ অপরাহ্ন


কক্সবাজারের চকরিয়া পৌর এলাকায় বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই ট্রাককে সাইড দিতে গিয়ে টমটম উল্টে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে চকরিয়া করাইয়াঘোনা সড়কের কাহারিয়াঘোনা স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ১২ বছর বয়সী ওই শিশুর নাম তানহা মনি।

সে চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কাহারিয়াঘোনা এলাকার বাসিন্দা এবং চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা জাফর আলমের মেয়ে।

তানহা মনি স্থানীয় মগবাজার মহিলা মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে তানহা মনি তার ছোট বোনের সঙ্গে একটি টমটম গাড়িতে করে মাদ্রাসায় যাচ্ছিল।

ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে টমটম চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারান এবং সেটি উল্টে যায়।

এ সময় তানহা মনি ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়।

আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যান।

সেখানে নেওয়ার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে সিমেন্টবোঝাই ঘাতক ট্রাকটি জব্দ করলেও এর চালক ও সহকারী পালিয়ে যান।

স্থানীয়দের দাবি, জব্দ করা ট্রাকটি চকরিয়া উপজেলার উত্তর হারবাং এলাকার আলোচিত ব্যক্তি নাজিম উদ্দীনের।

তাঁরা ট্রাকটির মালিক ও চালককে আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

চকরিয়া থানার ওসি মো. আরিফুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।