সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মাইজভান্ডারের ওরসে মাদকবিরোধী অভিযান, সাতজনের কারাদণ্ড ও জরিমানা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৩ অগাস্ট ২০২৬ | ১২:০৩ পূর্বাহ্ন


চট্টগ্রামের ফটিকছড়িতে মাইজভান্ডারের ওরসে পবিত্র পরিবেশ রক্ষা ও দর্শনার্থীদের নিরাপত্তায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মাদক সেবন ও বিক্রির দায়ে শনিবার রাতে সাতজনকে সাজা ও অর্থদণ্ড দেওয়া হয়।

এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ।

আটক সাতজনের মধ্যে ছয়জনকে আট দিন করে এবং একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

পাশাপাশি তাদের মধ্যে তিনজনকে এক হাজার এবং চারজনকে ৫০০ টাকা করে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে নির্বাহী হাকিম রহমত উল্লাহ জানান, পবিত্র স্থানের পরিবেশ সুরক্ষা ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তবে তারা মনে করেন, কেবল সেবনকারীদের সাজা দিয়ে এই সমস্যার পুরোপুরি সমাধান সম্ভব নয়।

মাদকের উৎস ও মূল সরবরাহকারীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। স্থানীয়দের ভাষ্য, এর ফলে মাদকের বিস্তার রোধের পাশাপাশি এলাকায় নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।