সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পাহাড়ধস ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাঙ্গুনিয়ার ৮০ পরিবার পেল ঢেউটিন

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৩ অগাস্ট ২০২৬ | ৪:০৪ অপরাহ্ন


গত জুলাই মাসের টানা অতিবৃষ্টি ও পাহাড়ধসে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় বহু বসতঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এতে নিম্নআয়ের অনেক পরিবার অর্থের অভাবে নিজেদের ঘর মেরামত করতে না পেরে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছিল।

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এসব মানুষের দুর্দশা লাঘবে ৮০টি অসহায় পরিবারকে ঘর মেরামতের জন্য ঢেউটিন সহায়তা দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন ও ঢাকাস্থ রাঙ্গুনিয়া সমিতির যৌথ উদ্যোগে প্রতিটি পরিবারকে এক বান করে মোট ৮০ বান ঢেউটিন বিতরণ করা হয়।

শনিবার বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে এসব ঢেউটিন তুলে দেন সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।

ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার নাজনীন সেতু, জেলা বিএনপি নেতা অধ্যাপক ইউনুছ চৌধুরী, আজম খাঁন, শওকত আলী নুর, ইউসুফ চৌধুরী এবং হেলাল উদ্দিন শাহ উপস্থিত ছিলেন।

পাশাপাশি জেলা যুবদল নেতা ও ঢাকাস্থ রাঙ্গুনিয়া সমিতির আজীবন সদস্য আবুল কালাম আজাদ খাঁনসহ স্থানীয় বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সেখানে অংশ নেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুর্যোগের পর এমন সহায়তা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং পরিবারগুলো দ্রুত তাদের স্বাভাবিক জীবনে ফিরতে সক্ষম হবে।