
খাগড়াছড়ির দীঘিনালায় মাত্র তিন ঘণ্টার ১০৩ মিলিমিটার বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় ইয়াসমিন আক্তার নামের এক খামারির স্বপ্ন ভেসে গেছে।
বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে গড়া তার দুটি খামার পাহাড়ি ঢলে তলিয়ে প্রায় চার লাখ টাকার ব্যাপক ক্ষতি হয়েছে।
শুক্রবার দিবাগত মধ্যরাতে দীঘিনালায় ভারী বৃষ্টিপাতের পর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এই বিপর্যয় ঘটে।
উপজেলার জামতলি এলাকার সুধির মেম্বার পাড়ার বাসিন্দা ইয়াসমিন আক্তারের খামারে থাকা ১ হাজার ৫০০ পাকিস্তানি মুরগি পানিতে ডুবে মারা যায়।
জানা গেছে, টানা বৃষ্টির পর পাহাড়ি ঢলের পানিতে তার বসতঘর এবং দীর্ঘদিন ধরে তিল তিল করে গড়ে তোলা খামার দুটি তলিয়ে যায়।
পানির তোড়ে মুরগির পাশাপাশি খামারের খাদ্য ও অন্যান্য মালামালও ভেসে গেছে।
ইয়াসমিন আক্তার জানান, রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় ভোরে বন্যার পানিতে সবকিছু তলিয়ে যায়।
মাত্র ২০ দিন আগে খামারে মুরগিগুলো তোলা হয়েছিল জানিয়ে তিনি বলেন, তিন-চারটি এনজিও থেকে ঋণ নিয়ে খামার দুটি গড়েছিলেন তিনি।
দীর্ঘদিন ধরে গড়ে তোলা এই খামারই ছিল ইয়াসমিন আক্তারের পরিবারের জীবিকার একমাত্র উৎস।
আকস্মিক এই বন্যায় সহায়-সম্বল হারিয়ে তার পরিবারটি এখন চরম অসহায় হয়ে পড়েছে।
এ বিষয়ে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ জানান, তারা ওই খামারির ক্ষতির বিষয়টি জানতে পেরেছেন।
তিনি আরও জানান, ইয়াসমিন আক্তার যেন ক্ষতি কিছুটা পুষিয়ে উঠতে পারেন, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানোসহ সর্বাত্মক সহযোগিতা করা হবে।