সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পটিয়ায় আইনজীবীদের বিরুদ্ধে ব্যবসায়ীর দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৩ অগাস্ট ২০২৬ | ৯:৪০ অপরাহ্ন


ওকালতনামা সংক্রান্ত এক বিরোধের জেরে চট্টগ্রামের পটিয়ায় প্রভাব খাটিয়ে এক ব্যবসায়ীর দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন আইনজীবীর বিরুদ্ধে।

ভুক্তভোগী ওই ব্যবসায়ীর নাম মো. জাহিদ হাসান।

তিনি একজন স্ট্যাম্প ভেন্ডার এবং পটিয়া থানার দক্ষিণ গোবিন্দারখীল এলাকার বাসিন্দা।

পটিয়া সিভিল আদালতের কাছে আদালত জামে মসজিদ মার্কেটে ‘দরবার স্টোর’ নামে তার একটি ভাড়া করা দোকান রয়েছে।

দোকান খুলতে না পেরে গত চার দিন ধরে পরিবার নিয়ে অনাহারে ও চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

রোববার বিকেলে পটিয়ার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তুলে ধরেন জাহিদ হাসান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, পটিয়া আইনজীবী সমিতির ওকালতনামা সংক্রান্ত একটি ঘটনাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) কয়েকজন আইনজীবী তার দোকানে অতিরিক্ত তালা ঝুলিয়ে দেন।

জাহিদ হাসানের দাবি, এই দোকানটিই তার উপার্জনের একমাত্র মাধ্যম এবং এটি বন্ধ থাকায় পরিবারের ভরণপোষণ চালাতে পারছেন না।

ওকালতনামা সংক্রান্ত কোনো বিষয়ে দোষী সাব্যস্ত হলে প্রচলিত আইনে যেকোনো শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত বলেও জানান এই ব্যবসায়ী।

তবে কোনো আইনি প্রক্রিয়া ছাড়া গায়ের জোরে দোকান বন্ধ করে দেওয়াকে চরম অন্যায় ও ক্ষমতার অপব্যবহার বলে উল্লেখ করেন তিনি।

ঘটনার প্রতিকার চেয়ে এবং দোকানের তালা খুলে পুনরায় ব্যবসা সচলের সুবিধার্থে রোববার পটিয়া আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক বরাবর লিখিত আবেদন দিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে জাহিদ হাসানের পরিবারের সদস্যদের পাশাপাশি কম্পিউটার ম্যান আকতার হোসেন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে পটিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তানজিনা জাহান জানান, অভিযোগকারী ব্যক্তি নিজেই ওকালতনামা জালিয়াতির সঙ্গে সম্পৃক্ত।

প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় জাহিদ হাসানের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।