সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

‘চোখ বন্ধ রাখলে কাল আপনার পরিবারও মাদকে আক্রান্ত হবে’

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৪ অগাস্ট ২০২৬ | ৭:৫৪ অপরাহ্ন


চোখ বন্ধ রাখলে আগামীতে নিজের পরিবারও মাদকে আক্রান্ত হতে পারে বলে সতর্ক করেছেন চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া-রাউজান সার্কেল) মোহাম্মদ বেলায়েত হোসেন।

সোমবার রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের গোচরা বাজারে আয়োজিত এক মাদকবিরোধী সমাবেশে তিনি এই সতর্কবার্তা দেন।

রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের উদ্যোগে এই মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, শুধু গ্রেপ্তার করে আইনের আওতায় আনাই পুলিশের লক্ষ্য নয়, সমাজ থেকে মাদক নির্মূল করাটাই প্রধান উদ্দেশ্য।

এ জন্য প্রতিটি পরিবার থেকে মাদকবিরোধী কার্যক্রম শুরুর ওপর জোর দিয়ে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

সহকারী পুলিশ সুপার বলেন, প্রতিটি পরিবার মাদকমুক্ত থাকলে পাড়া-মহল্লাও মাদকমুক্ত হবে এবং এই ইউনিয়নভিত্তিক উদ্যোগের মাধ্যমে একসময় পুরো দেশকে সুস্থ সমাজ হিসেবে গড়ে তোলা সম্ভব।

পোমরা ইউনিয়নকে মাদকমুক্ত রাখতে স্থানীয়দের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

তরুণ সমাজকে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব আখ্যা দিয়ে তিনি বলেন, তারা যেন মাদকাসক্ত না হয় সে বিষয়ে পরিবার, শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

চলমান মাদকবিরোধী অভিযানে রাঙ্গুনিয়ার মানুষের সহযোগিতার প্রশংসা করে এই পুলিশ কর্মকর্তা জানান, এখন পর্যন্ত গ্রেপ্তার হওয়া কাউকে ছাড়িয়ে নিতে কোনো পর্যায় থেকে কেউ তদবির করেননি, যা অত্যন্ত আশাব্যঞ্জক।

ভবিষ্যতে কোনো মাদকসেবী বা মাদক কারবারির পক্ষে থানায় বা অন্য কোথাও অবৈধ তদবির না করারও আশা প্রকাশ করেন তিনি।

তিনি সবাইকে সচেতন করে বলেন, আজ হয়তো নিজের পরিবার আক্রান্ত হয়নি, কিন্তু পাশের কেউ আক্রান্ত হয়েছে। চোখ বন্ধ রাখলে কাল নিজের সন্তান বা পরিবারও আক্রান্ত হতে পারে।

তাই নিজের পরিবার ও সন্তানের ভবিষ্যতের কথা ভেবে সবাইকে মাদকের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

সমাবেশে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির উদ্দিন উপস্থিত ছিলেন।

এছাড়া স্থানীয় সচেতন নাগরিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশের আগে গোচরা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়।