
মাদক নিরাময়ে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা প্রশাসন। মাদক সেবনের অভিযোগে আটক দুজনকে কারাগারে না পাঠিয়ে চার মাসের জন্য তাবলীগ জামাতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান নিজ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই আদেশ দেন।
তাবলীগ জামাতে পাঠানো ওই দুই ব্যক্তি হলেন, ৪২ বছর বয়সী সালাউদ্দিন এবং ৩৮ বছর বয়সী মাঈনউদ্দিন হাসান আরমান।
এর আগে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই ব্যক্তিকে মাদক সেবনরত অবস্থায় আটক করে।
পরে তাদের সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়।
সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং চার মাসের জন্য তাবলীগ জামাতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী শাহাদাত হোসেন রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন।
সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক সেবনের প্রবণতা বাড়ছে উল্লেখ করে ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান জানান, মাদক নির্মূলে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
এর আগেও গত কয়েক দিনে মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অন্তত ২০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজনকে তাবলীগ জামাতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাতকানিয়ায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক সেবন ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর পাশাপাশি কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।