সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

সাতকানিয়ায় বাবা-মাকে নির্যাতনের দায়ে ছেলের এক বছরের কারাদণ্ড

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৫ অগাস্ট ২০২৬ | ৩:০৫ অপরাহ্ন


নিজ জন্মদাতা বাবা-মাকে নিয়মিত মারধর ও নির্যাতনের মতো গুরুতর সামাজিক অপরাধের দায়ে চট্টগ্রামের সাতকানিয়ায় এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ টাকা জরিমানাও করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ওই যুবকের নাম ফাহিম উদ্দিন (২৪)। তিনি সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের দাইমারখীল এলাকার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে পুলিশ তাকে দাইমারখীল এলাকা থেকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যায়।

সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ফাহিম উদ্দিনকে এই কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা যায়, ফাহিম দীর্ঘদিন ধরেই তার বাবা-মাকে বিভিন্ন সময়ে মারধর ও নির্যাতন করে আসছিলেন। মঙ্গলবার সকালে বিষয়টি পুলিশের নজরে এলে প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে তাকে আটক করে।

সাজা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী শাহাদাত হোসেন রাব্বি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান জানান, বাবা-মায়ের সঙ্গে অসদাচরণ, মারধর বা নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

পরিবারের সদস্যদের প্রতি এমন আচরণ সামাজিকভাবে চরম নিন্দনীয় হওয়ার পাশাপাশি আইনগতভাবেও দণ্ডনীয় অপরাধ বলে তিনি উল্লেখ করেন।

অভিযোগের সত্যতা পাওয়ায় ওই যুবককে সাজা দেওয়া হয়েছে জানিয়ে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট সতর্ক করে দেন যে, ভবিষ্যতে কেউ এমন অমানবিক আচরণ করলে তার বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।