সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ইউপি মেম্বার কল্যাণ এসোসিয়েশনের সভাপতি আনোয়ার হোসেন বহিষ্কৃত

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৬ অগাস্ট ২০২৬ | ৯:২৯ অপরাহ্ন


সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ড ও শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে তাকে বহিষ্কারের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীকে সভাপতির পদের পাশাপাশি সাধারণ সদস্য পদ থেকেও স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে একটি বার্তা দিয়েছেন সংগঠনের সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ লিয়াকত আলী চৌধুরী।

তাঁর স্বাক্ষরিত ওই বার্তায় জানানো হয়, জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান সভাপতিকে স্থায়ীভাবে বহিষ্কার করে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সকল সদস্য ও সংশ্লিষ্টদের বিষয়টি ইতিমধ্যে অবগত করা হয়েছে।

এদিকে পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ইউপি সদস্য এবং সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ হাশেম চৌধুরীও এই বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী কিছু দিনের মধ্যেই সভা আয়োজনের মাধ্যমে সংগঠনের নতুন ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।