সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

হিমবাহ ধসে সৃষ্ট বন্যায় নেপালে নিহত বেড়ে ৩৫৯, হাজারো নিখোঁজ

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৭ অগাস্ট ২০২৬ | ৭:৪৮ অপরাহ্ন


হিমবাহ ধসের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল-তিব্বত সীমান্তে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, হিমবাহের ধস ও ধ্বংসাবশেষের প্রবাহ থেকে আকস্মিক এই বন্যার সৃষ্টি হয়েছে।

নদীগুলোতে ধ্বংসাবশেষ জমে যাওয়ায় এ ধরনের আরও বন্যার আশঙ্কা করছে সংস্থাটি।

বৃহস্পতিবার বিকেল ৫টায় নেপালের পুলিশ জানিয়েছে, এই দুর্যোগে নেপালে নিহত মানুষের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে।

বুধবার সকালে শুরু হওয়া এই আকস্মিক বন্যা ও ভূমিধসে এখনো প্রায় এক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।

নেপাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ১৭৮ জন ভারতীয়, ১২৭ জন নেপালি, ৬৫ জন আমেরিকান এবং যুক্তরাজ্যের ৩৩ নাগরিক রয়েছেন।

এছাড়া অনেক সেনা ও পুলিশ সদস্যও এই দুর্যোগে নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে।

অন্যদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, চীনের তিব্বত অংশে তিনজন নিহত ও ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন।

চীন ও নেপালের মধ্যে পর্যটক ও যানবাহন চলাচলের প্রধান সীমান্ত পারাপার কেন্দ্র হলো চীনের গিরং স্থলবন্দর।

আকস্মিক বন্যা ও ভূমিধসে এই স্থলবন্দরটি দৃশ্যত বিধ্বস্ত হয়েছে।

বৃহস্পতিবার নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন।

পরিদর্শন করা স্থানগুলোর মধ্যে নুয়াকোট জেলার বিদুর ও এর পার্শ্ববর্তী জনপদগুলো রয়েছে।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংও বৃহস্পতিবার তিব্বত অংশের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।

এর আগের দিন ক্ষতিগ্রস্ত এলাকায় সর্বাত্মক উদ্ধারকাজ চালানোর নির্দেশ দিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।